ফরিদপুরে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব-৮। তাদের কাছ থেকে চুরি হওয়া পাঁচটি মোটরসাইকেল, ৯টি সিমকার্ড, টি মোবাইল ও নগদ ৫ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। শুক্রবার (২৬ নভেম্বর) বিকালে শহরের গোয়ালচামটে র্যাব-৮ এর কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুর রহমান।
তিনি জানান, সংবাদপত্র ও স্থানীয় তথ্যের ভিত্তিতে ফরিদপুর এবং রাজবাড়ি জেলার বিভিন্ন এলাকায় মোটর সাইকেল চুরির ঘটনা বহুলাংশে বেড়ে চলেছে। বিষয়টি জানতে পেরে এ ব্যাপারে গোয়েন্দা তৎপরতা চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়কের নেতৃত্বে ফরিদপুরের ধুলদী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোর চক্রের সদস্য কাওসার মোল্লা (২৭) ও ইয়াকুব মাতুব্বর (২৩) নামে দুজনকে আটক করে।
তিনি আরও জানান, কাওসার মোল্যা রাজবাড়ি জেলা সদরের চরশামনগরের মৃত আমজাদ মোল্যার ছেলে। আর ইয়াকুব মাতুব্বর(২৩) ফরিদপুরের সদরের ফুরসা গ্রামের শাহিদ মাতুব্বরের ছেলে। তাদের স্বীকারোক্তি থেকে চোর চক্রের অন্যান্যদের অবস্থান জেনে ফুরসা গ্রামে অভিযান চালিয়ে আটক করা হয় সালথার বাইলাগট্টির আকুব্বর মাতুব্বরের ছেলে ইমরান মাতুব্বর (২৫) ও হাবিব ফকিরের ছেলে আব্দুল্লাহকে (২০) এবং ভাঙ্গার পুকুরিয়া হতে আটক করা হয় শাজাহান মোল্যার ছেলে রাহাত মোল্লাকে (২০)। তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
মেজর মোহাম্মদ আব্দুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা আন্ত:জেলা মোটরসাইকেল চোরাকারবারি চক্রের সদস্য। তারা ফেসবুকে কম দামে চোরাই মোটরসাইকেল বিক্রির লোভনীয় অফার দিয়ে সহজ সরল ক্রেতাদের আকৃষ্ট করতো। উদ্ধারকৃত আলামত সহ আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।